রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা বসুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশনের ডাকঘর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে ফার্মগেটেও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। দুটি বাসই যাত্রীবাহী। তবে কেউ ভেতরে না থাকায় হতাহত হয়নি। বাসের ভেতর সব পুড়ে গেছে বলে জানা গেছে।
মিরপুরের ঘটনায় পল্লবী থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন আজ মঙ্গলবার রাত ১২টা ৩৮ মিনিটে আজকের পত্রিকাকে বলেন, ‘মিরপুরে একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’











