
বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বৃষ্টি খাতুনের মরদেহ ১১ দিন পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে বাবা শাবলুল আলম ওরফে সবুজ খান মরদেহটি বুঝে নেন।
বৃষ্টি খাতুনের বাবা সবুজ খান বলেন, ‘আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে ১১ দিন পার হলেও নিজের মেয়ের মরদেহ বুঝে পেলাম।’
প্রশাসন, সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সঠিক তথ্য যাচাই-বাছাই করে আমার সন্তান আমার কাছে ফেরত দিয়েছে।’
কান্নাজড়িত কণ্ঠে সবুজ খান বলেন, ‘১১ দিন ঘুরেছি, আমি একটা বাবা, মেয়ের লাশ নিতে পারিনি। এই ১১টা রাত ঘুমাতে পারিনি। তার মায়ের কষ্ট, কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছে। তার বোনগুলো কান্না করছে। যাক সব তথ্য যাচাই-বাছাই করে আমার সন্তানকে ফেরত পেয়েছি।’
সবুজ খান আরও বলেন, তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকশা থানার বনগ্রামে। সেখানে ব্র্যাক স্কুল থেকে পাস করে হাইস্কুলে ভর্তি হয় বৃষ্টি। গ্রাম থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে। পরে ঢাকায় ইডেন কলেজে ভর্তি হয়। গ্রামে পারিবারিক কবরস্থানে বৃষ্টির মরদেহ দাফন করা হবে।
সিআইডি ঢাকা মেট্রোর অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গির হোসেন মাতুব্বর বলেন, গত ২৯ ফেব্রুয়ারি আগুনের ঘটনায় প্রাণ হারানো বৃষ্টি খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল তাঁর মা-বাবার সঙ্গে ডিএনএ নমুনা মিলে যায়। আজ অফিশিয়ালভাবে বৃষ্টির মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর দিন বার্ন ইনস্টিটিউটে এসে বৃষ্টি খাতুনের মরদেহ শনাক্ত করেছিলেন তাঁর বাবা সবুজ খান। তবে রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন—মৃতের নাম অভিশ্রুতি শাস্ত্রী। সে নিয়মিত মন্দিরে আসত। তিনি রমনা থানায় লিখিতভাবে দাবি করেন—ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হোক। এরপর বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মর্গ থেকে মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
তিনি আরও বলেন, গত রাতে রমনা কালীমন্দিরের সভাপতি উৎপল সাহা আবারও লিখিতভাবে আবেদন করেন, ‘আমার কোনো দাবি নাই। এটি ভুল বোঝার কারণে হয়েছে। মরদেহ প্রকৃত স্বজনদের কাছে হস্তান্তর করা হোক।’
আরও একটি মরদেহের বিষয়ে জাহাঙ্গির হোসেন বলেন, ‘নাজমুল নামে আরও একটি মরদেহ আছে। ডিএনএ নমুনা এখনো পুরোপুরি মিলে নাই। একটু সময় লাগবে।’
আরও পড়ুন—

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে