
রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাতে হাসপাতালে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মারা যাওয়া কিশোরীর নাম মাহিমা (১৩)।
শাহজাহানপুর থানা-পুলিশ বলেছে, গতকাল রোববার রাতে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও ১৩ বছর বয়সী ওই রোগীর স্বজনদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে আজ সোমবার রাত পর্যন্ত কোনো পক্ষের অভিযোগই মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।
শাহজাহানপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভাঙচুরের ঘটনা হয়েছে, তবে সেটি বেশি না। এ ঘটনায় কেউ আহতও হয়নি।
মারা যাওয়া কিশোরীর স্বজনদের অভিযোগ, অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার পর মাহিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আনার সময় ওই রোগীর অবস্থা গুরুতর ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে মাহিমাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাফি করা হয়। পরীক্ষায় তার অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। তবে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই গত শনিবার সকালে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা অন্য এক রোগীর স্বজন তৌফিক মেজবাহ বলেন, ‘আমি আমার বোনকে নিয়ে শুক্রবার থেকে এই হাসপাতালে ভর্তি হয়েছি। আমাদের পাশেই ঘটনাটি ঘটেছে। অ্যাপেন্ডিক্সের সমস্যা নিয়ে আসা রোগী মারা যাওয়ার পর তার বাবা-মা লাশ নিয়ে চলে যান। পরে রাতে একদল লোক এসে টাকা দাবি করেন।’
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, রোগীর মৃত্যুর পর স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে লাশ নিয়ে গাজীপুরে চলে যান এবং রাতে দাফন সম্পন্ন করেন। পরে রাত ১০টার দিকে শাহরিয়ার সবুজ নামের এক ব্যক্তি হাসপাতালে এসে ভুল চিকিৎসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা দাবি করেন। তিনি নিজেকে শাহজাহানপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বলে পরিচয় দেন।
আবুল কালাম আজাদ বলেন, ‘রোববার দুপুরে এ বিষয়ে আলোচনায় বসার কথা থাকলেও তাঁরা আসেননি। বিকেলে প্রায় ১০০ লোক নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা। আমি তাঁদের গেট থেকে কিছুটা দূরে অবস্থান নিতে বললে তাঁরা আমার কলার ধরে মারধর শুরু করেন। পরে দ্বিতীয় তলায় লেবার রুমে উঠে ভাঙচুর চালান। এ ঘটনায় হাসপাতালের ১০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।’
তবে টাকা দাবির অভিযোগ অস্বীকার করে শাহরিয়ার সবুজ বলেন, মাহিমা তাঁর চাচাতো বোন। অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার পর প্রথমে তাঁকে প্যানপ্যাসিফিক হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।
শাহরিয়ার সবুজ বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রাতে অপারেশন না করায় পরদিন সকালে আমার বোন মারা যায়। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাইতে গেলে হাসপাতালের লোকজন আমাদের ওপর হামলা করে।’ ১০ লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো টাকা চাইনি, বরং হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দিয়ে বিষয়টি মিটমাট করতে চেয়েছে। আমরা তাতে রাজি হইনি। আমরা বলেছি, কোটি টাকা দিলেও আমরা রাজি হব না। তারা যদি বলে আমরা টাকা চেয়েছি, তাহলে এর প্রমাণ দিক।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রেজওয়ানুল ইসলাম বলেন, ওই কিশোরী গত শনিবার মারা যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছিল পরিবার। ক্ষতিপূরণ না পেয়ে তারা হাসপাতালে হামলা-ভাঙচুর করেছে।

রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে লালু দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর ছেলে। আজ সোমবার মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
৭ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে সিডিএর জমি দখল করে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে ওয়েলফুড, সীমানাপ্রাচীর, মুদির দোকান, গোডাউন ও ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
৯ মিনিট আগে
ঢাকা মেডিকেলের বাথরুম থেকে উদ্ধার মৃত তরুণীর পরিচয় পাওয়া গেছে। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। ওই তরুনীর নাম তন্ময়ী মন্ডল (২৮)। তিনি ইব্রাহিম কার্ডিয়াকের নার্স ছিলেন।
১৫ মিনিট আগে