সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও বাসসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২ নভেম্বর ২০২৬, সোমবার রাত ৮টা থেকে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। গত এক মাসের মধ্যে এলপিজির দাম দুই দফা বেড়ে যাওয়ার ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিক প্রক্রিয়া বলার সুযোগ নেই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, দেশের বাজারে দেড় মাসের বেশি সময় ধরে এলপিজির সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম। সরেজমিনে দেখা যায়, সরকার নির্ধারিত দাম ২০৬০ টাকা থাকা সত্ত্বেও এর চেয়ে ৩০০-৫০০ টাকা বেশি দামে ভোক্তাদের এলপিজি কিনতে হচ্ছে। নতুন মূল্য বৃদ্ধির পরও সাধারণ ক্রেতারা নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে বর্তমানে এলপিজির গ্রাহক প্রায় এক কোটি। রান্নার কাজে এর মধ্যে প্রায় ৮০ শতাংশই ব্যবহৃত হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মূলত বাকিটা ব্যবহৃত হয়। এলপিজি সিলিন্ডার কেবল শহরে ব্যবহার হয় না, বরং গ্রামেও বর্তমানে অনেকে রান্নার জন্য ব্যবহার করে থাকে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, এলপিজি সিলিন্ডারের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। শিক্ষার্থী কিংবা চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকের আর্থিক অবস্থা বেশ সংকটাপন্ন। অনেকে টিউশনির টাকা জমিয়ে, কেউবা বাড়ি থেকে ধারদেনা করে নিয়োগ পরীক্ষা ও পড়াশোনার খরচ চালান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও প্রতিনিয়ত বাড়ছে। ফলে চাকরিপ্রার্থী কিংবা শিক্ষার্থীদের চরম আর্থিক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হয়।
অন্যদিকে এলপিজি সিলিন্ডারের ধাপে ধাপে মূল্য বৃদ্ধি পেলেও হঠাৎ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়াতে পারেন না এবং বাড়ানো গেলেও সহজে ক্রেতারা কিনতে চান না। দেশে চার বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। এলপিজির লাগামহীন দাম মূল্যস্ফীতি পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। মূল্যস্ফীতির তুলনায় মজুরি ও আয় না বাড়ায় বেশির ভাগ পরিবারের প্রকৃত আয় কমে গেছে। অত্যন্ত উদ্বেগজনক হারে প্রতিনিয়ত দারিদ্র্য বেড়ে চলেছে।
এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। কাজেই আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশকে চরম মূল্য দিতে হচ্ছে। অন্যান্য জ্বালানির সঙ্গে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং জাহাজ ভাড়া বহুগুণ বৃদ্ধি পেয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এলপিজির দাম বাংলাদেশে সবচেয়ে বেশি। সারা দেশে এলপিজির মোট চাহিদার ১ শতাংশ আসে সরকারি খাত থেকে। বাকি ৯৯ শতাংশ আসে বেসরকারি খাত থেকে। সরেজমিনে দেখা যাচ্ছে যে সাতটি বড় কোম্পানি ৮৬ শতাংশ এলপিজির বাজার নিয়ন্ত্রণ করে। এই একচেটিয়া ব্যবস্থাই এলপিজির বাজার অস্থিতিশীল করে তুলছে। অতীতে বহুবার দেখা গেছে, কৃত্রিম সংকট তৈরি করে এলপিজির সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এই খাতে হাতে গোনা কয়েকটি কোম্পানি একচেটিয়া রাজত্ব তৈরি করেছে। যার ফলে ভুক্তভোগী হচ্ছে আপামর জনতা।
এলপিজির বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় নাগরিকদের দুর্ভোগও বাড়ছে এবং একই সঙ্গে জনমনে অসন্তোষ তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণ, কিন্তু সেই অনুযায়ী পাল্লা দিয়ে বাড়েনি জীবনযাত্রার মান। এখন প্রশ্ন হচ্ছে, এই সংকট থেকে উত্তরণে করণীয় কী? এই সংকট সমাধানে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে হলে সরকারকে অবশ্যই এলপিজির বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, বিপিসির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে এলপিজি আমদানি করা বাজারে ভারসাম্য আনাটাই সরকারের একমাত্র পথ। তৃতীয়ত, যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। চতুর্থত, ভোক্তা অধিদপ্তর থেকে নিয়মিত সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে হবে। সর্বোপরি, প্রতিটি ক্ষেত্রে সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে।










