ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে গ্রেপ্তার দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল (২৯) ও তার সহযোগী সুকুমার হালদার (২৮)।
গ্রেপ্তার দুই আসামিকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫-৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।










