জননিরাপত্তায় যা যা করা দরকার, পুলিশ তা করবে

ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘গতকালের ঘটনায় আমাদের মামলার কার্যক্রম চলমান আছে এবং গতকাল থেকে অনেক গ্রেপ্তার আছে। যারা গ্রেপ্তার আছে, তারা সবাই এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেপ্তার করব না। জননিরাপত্তার জন্য যা যা করা দরকার, পুলিশ তা করবে। বর্তমানে আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে।’
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি এসব কথা বলেন। ডিআইজি বলেন, ‘আজ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন আছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স ও অফিসার মোতায়েন আছে। আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছেন।’
ডিআইজি বলেন, ‘আমাদের জননিরাপত্তা যেটা, সেটা পরিপূর্ণভাবে আছে। আমাদের ৬৭ কিলোমিটার হাইওয়ে যেটা আছে, সেখানে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার আছে। আমাদের গোপালগঞ্জ পৌরসভা এবং যে ৪টি উপজেলা রয়েছে, সেখানেও আমাদের নিরাপত্তাব্যবস্থা আছে। সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।’
১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ অনুপাতিক হারে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। কাজেই আমরা ওই দিনের থ্রেট পর্যালোচনা করে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন করব এবং বিজিবিও কাজ করবে। আইনবহির্ভূত যেকোনো বিষয়েই পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।’
গতকাল রোববার দিন-রাত সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। আজ সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো বিরাজ করছে আতঙ্ক। আজ জেলার কোথাও কোনো ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।
বিজিবির জনসংযোগ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। বিজিবির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন দেখা গেছে। এ ছাড়া এসআরবি সদস্যদেরও শহরে টহল দিতে দেখা গেছে।
আজ ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোয় চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে নিজ নিজ গন্তব্যে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে গোপালগঞ্জের জনজীবনে।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।










