Ajker Patrika

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ জুন ২০২৬, ১৪: ৪৯
জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা
‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার তৈরির প্রস্তাব দিয়ে করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা বলেছেন, কারা এ ধরনের অপরাধ করেছে, তার একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও সমন্বিত নাগরিক তথ্যব্যবস্থা ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ এবং ঝুঁকি শনাক্ত করা সম্ভব।

তিনি বলেন, শিশু নির্যাতন ও সহিংসতা কোনো সাধারণ আইনগত বা সামাজিক সমস্যা নয়, বরং এটি জাতির বিবেকের সঙ্গে সম্পর্কিত একটি গভীর সংকট বলে মন্তব্য করেছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। তিনি বলেছেন, শিশু নির্যাতন প্রতিরোধে শুধু আইন ও নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; দ্রুত বিচার, কার্যকর প্রতিরোধ, সামাজিক জবাবদিহি এবং জাতীয় চরিত্র গঠনের উদ্যোগ একসঙ্গে নিতে হবে।

আজ শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার মিলনায়তনে ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ এই বৈঠকের আয়োজন করে।

রুবাবা দৌলা বলেন, শিশু নির্যাতন-সংক্রান্ত প্রতিটি পরিসংখ্যানের পেছনে একটি শিশু, একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের গল্প রয়েছে। তাই এসব ঘটনাকে কেবল সংখ্যা বা শতকরা হিসাব হিসেবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিপুলসংখ্যক শিশু নির্যাতনের মামলা বিচারাধীন। এসব মামলার দ্রুত তদন্ত ও নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে যারা অপরাধের শিকার হয়েছে, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

রুবাবা দৌলা বলেন, শিশুদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দিয়ে দায়মুক্ত হওয়া যাবে না। একটি সাত বা দশ বছরের শিশুর ওপর নিজের সুরক্ষার দায়িত্ব চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।

শিশু নির্যাতনের ঘটনায় পরিচিতজনদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে রুবাবা দৌলা বলেন, অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা অপরিচিত নয়; বরং পরিবারের সদস্য, শিক্ষক, চিকিৎসক কিংবা ক্ষমতার অবস্থানে থাকা ব্যক্তিরাই অনেক সময় নির্যাতনের সঙ্গে জড়িত থাকে। ফলে অপরাধ প্রতিরোধে শুধু সচেতনতা নয়, ক্ষমতার অপব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিশুদের জন্য ক্ষতিকর বিভিন্ন অনলাইন কনটেন্টের সহজলভ্যতা নতুন ঝুঁকি তৈরি করছে। ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নিরাপদ তথ্যপ্রবাহ নিশ্চিত করাও জরুরি।

বিদেশের উদাহরণ তুলে ধরে রুবাবা দৌলা বলেন, উন্নত দেশগুলোতে পরিবার, প্রতিষ্ঠান ও সেবাকেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি ও মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও শিশু সুরক্ষাব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, শিশু নির্যাতনের শিকার ব্যক্তি বা অভিযোগকারীরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। অভিযোগ করার পর চাকরি বা সামাজিক অবস্থান হারানোর ভয়ও কাজ করে। তাই ভুক্তভোগী ও অভিযোগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী ও পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

রুবাবা দৌলা বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে সময়বদ্ধ, লক্ষ্যভিত্তিক এবং জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন আইনি ও স্বাস্থ্যসহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, অধ্যাপক নাহরীন আই খান, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ফিরোজা বেগম, ডা. মো. নিজাম উদ্দিন, অধ্যাপক ডা. সাইফুন নাহার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হেলাল হাফিজ, চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দীন আহমেদ উজ্জলসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা।

আলোচকেরা বলেন, শিশু নির্যাতন এখন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। বিচারহীনতা, সামাজিক নীরবতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার দুর্বলতার কারণে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত