লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল শনিবার স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় লালনশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া থাকবে আলোচনা সভা ও সমবেত সংগীত পরিবেশনা।
শিল্পকলা একাডেমি জানায়, মানুষের ভেতরের মানুষ ও পরিচয়ের ঊর্ধ্বে থাকা মানবসত্তার সন্ধানী মরমি সাধক লালন সাঁই। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে তাঁর গান ও দর্শন মানুষকে মানবিকতার পথে আহ্বান জানায়। তাঁর তিরোধানের শতাব্দী পেরিয়ে গেলেও দর্শন, চিন্তা ও সমাজভাবনা এখনো প্রাসঙ্গিক। অন্যায়, কুসংস্কার, সামাজিক জীর্ণতা ও ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে তাঁর গান ও দর্শন মানবিক বার্তা দেয়।
লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা জানাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশনা শুরু হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে।
এরপর লালনসংগীত পরিবেশন করবেন কাঙালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতু, বিমান চন্দ্র বিশ্বাস, পাখি বাউলিয়ানা, মৌসুমি ইকবালসহ দেশের বাউল শিল্পীরা। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরাও বাউল গান পরিবেশন করবেন।
লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক আলোচনা এবং সংগীত পরিবেশনার এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।









