রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীর ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত মদ্যপানে রনি হোসেন (৩৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলে মৃত রনি হোসেনের ভাই মো. রবিউল্লাহ জানান, কদমতলীর ধোলাইপাড় বাজার এলাকায় তাঁদের বাসা। তাঁর বাবার নাম মো. জাকির হোসেন। রনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। দুই বছর আগে লাইজু আক্তারকে বিয়ে করে রনি। স্ত্রী লাইজু অন্তঃসত্ত্বা। চলতি মাসেই তাঁর সন্তান হওয়ার কথা রয়েছে।
রবিউল্লাহ আরও জানান, ১৪ অক্টোবর রাতে তাঁর এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে অতিরিক্ত মদ পান করে রনি। এর পর থেকে বাসায় অসুস্থ অবস্থায় ছিল। আজ সকাল থেকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ধোলাইপাড় এলাকা থেকে ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, অতিরিক্ত মদ পান করেছিলেন তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানায় অবগত করা হয়েছে।









