Ajker Patrika

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

কুমিল্লা প্রতিনিধি
গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া
কুমিল্লায় বাকশিস আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি সেলিম ভূইয়া। ছবি: সংগৃহীত

আগামী ১০ বছরেও বর্তমান সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাঁদের প্রমাণসহ তালিকা দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ওপর জুলুম বা অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে সেলিম ভূঁইয়া বলেন, তাঁকে আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাঁকে ধরে ধরে আদালতে নেওয়া হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।

নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে তুলে নিয়েছিলেন। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও আমার বিরুদ্ধে আনা হয়েছিল।

এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা অতীতের ঘটনা ভুলে যাইনি। তবে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময় পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো হয়েছে এবং শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তাঁর দাবি, এ ক্ষেত্রে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছিল।

১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে নিজের আপত্তির কথা জানান। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছেন, এমনকি অনেকের মরদেহ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত