Ajker Patrika

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৬, ২৩: ০১
বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে
ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার জিসান। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়া প্রধানকে দুই দিনের রিমান্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী।

আদালত সূত্রে জানা যায়, ১১ জুন জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একই দিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ওই রাতেই ২৫ বছর বয়সী এক বিধবা নারী জিসানের বিরুদ্ধে দাউদকান্দি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গত রোববার (২১ জুন) আদালতে জিসানের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ডিবি পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

রিমান্ড শেষে আজ বিকেলে জিসানকে পুনরায় আদালতে হাজির করা হলে আদালত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী জানান, দুই দিনের রিমান্ড শেষে জিসানকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় জিসানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে সেসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত