চৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজি মাদ্রাসার দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন ওরফে কবির হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার কাশিনগর বাজার এলাকার একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর।
গতকাল দুই শিক্ষার্থী তাদের স্বজনদের কাছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। পরে স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন।
স্বজনদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শিক্ষক কবির হোসেন বিষয়টি স্বীকার করেছেন।
পরে স্বজনেরা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর পরিবার পৃথক দুটি মামলা করেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।









