Ajker Patrika

দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবিদ্বারে ৬২ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতেই তড়িঘড়ি কার্পেটিংয়ের চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে প্রায় ৬২ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের পর গত বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় কাজ বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, সেই নির্দেশ অমান্য করে শুক্রবার দিবাগত রাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কার্পেটিং শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সাফি এন্টারপ্রাইজ। পরে গ্রামপুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়।

ঘটনাটি উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ইঞ্জিনিয়ার সুজনের বাড়ি থেকে সেলিম ও তাহের পুলিশের বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়নকাজে এ অভিযোগ ওঠে।

সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালে পল্লী সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ০ দশমিক ৪৫০ কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ৬২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে কাজটি পায় সাফি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির নামে কাজটি পান আওয়ামী লীগ নেতা মো. মোসলেম উদ্দিন মানিক ভূঁইয়া।

কাজ শুরুর পর ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন কাজটি বন্ধ ছিল। প্রায় দুই মাস আগে কাজ পুনরায় শুরু হলে অনিয়মের অভিযোগ ওঠে।

উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, ‘সড়ক সংস্কারে অনিয়মের বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার ইউএনও মহোদয়কে নিয়ে নির্মাণাধীন সড়ক পরিদর্শনে যাই। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে কাজ বন্ধ রেখে দরপত্রের শর্তানুযায়ী কাজটি সম্পাদন করার নির্দেশ দিয়ে আসি।’

মনিরুল সাজ রিজন বলেন, পরিদর্শনকালে সড়কের কাজে গুরুতর অসংগতি ও ত্রুটি দেখা গেছে। কয়েকটি স্থানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, যথাযথভাবে রোলিং না করা এবং পিচ ঢালাইয়ের আগে বিটুমিনের প্রাইম কোট নিয়মমাফিক প্রয়োগ না করার বিষয়টি তাঁদের নজরে আসে।

উপজেলা প্রকৌশলী আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে নিম্নমানের সামগ্রী দিয়ে সম্পন্ন করা সড়কের অংশ অপসারণ করে মানসম্মত সামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটিপূর্ণ প্রাইম কোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে সরকারি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে নতুন করে প্রাইম কোট প্রয়োগের নির্দেশও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা রোববার দুপুরে বলেন, ‘প্রশাসনের নির্দেশনা অমান্য করে শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে সড়কের নিম্নমানের সামগ্রী না সরিয়ে এবং রোলিং না করে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। তাৎক্ষণিক গ্রাম পুলিশের মাধ্যমে কাজ বন্ধ রেখেছি।’

অশোক বিক্রম চাকমা বলেন, গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে কার্পেটিং বন্ধ রেখে যথাযথ সরকারি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে নতুন করে প্রাইম কোট প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ‘স্থানীয় কিছু অসাধু লোকের সহযোগিতায় তাঁরা এসব কাজ করতে পারে। তবে কাজের গুণগত মানের ক্ষেত্রে আমার কোনো ছাড় নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

সাফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী মোসলেম উদ্দিন ভূঁইয়া মানিক বলেন, ‘এ কাজটি করতে গিয়ে আমার অনেক লোকসান হয়েছে। সড়কের কিছু অংশ পুকুরপাড়ে ছিল। পুকুরপাড়ে গার্ডওয়াল দরপত্রে ধরা ছিল না। তাই সেই অংশে রোলিং করলে সড়কের অংশ পুকুরের দিকে দেবে যায়। কার্পেটিংয়ের জন্য তৈরি করা সামগ্রী নষ্ট হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতো। এ কারণে সড়কের কিছু অংশে রোলিং করে রাতে কার্পেটিংয়ের কাজ করছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত