Ajker Patrika

বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভধারণ, হাসপাতালে সন্তান প্রসবের পর লাপাত্তা মা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভধারণ, হাসপাতালে সন্তান প্রসবের পর লাপাত্তা মা
হাসপাতালে নবজাতক ও বাবা পরিচয় দেওয়া মমিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে স্কোয়ার হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে বাবার হাতে তুলে দিয়ে প্রসূতি মা চলে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সংবাদ পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেবিদ্বারের ‘দি-দেবিদ্বার স্কোয়ার হাসপাতালে’ ভর্তি হন লিজা আক্তার নামে এক নারী। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। পরে বিকেলে নবজাতককে মমিনের হাতে তুলে দিয়ে হাসপাতাল থেকে চলে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে লিজা আক্তার ও একই এলাকার সাজু মিয়ার ছেলে মো. মমিনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও তাদের সম্পর্কের জেরে লিজা গর্ভবতী হয়ে পড়েন। তবে উভয় পরিবার থেকে প্রাথমিকভাবে এই সম্পর্ক ও সন্তানকে মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে জানা গেছে।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর গতকাল রোববার রাত ৮টার দিকে মো. মমিনকে পুলিশ আটক করে। শিশুটিকে বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন বলেন, ‘শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শিশুটিকে গ্রহণ করতে চান, তবে আইনি প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় শিশুটিকে সরকারি হেফাজতে নেওয়া হবে।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা নবজাতকের বাবাকে থানা হেফাজতে রেখেছি এবং সমাজসেবা কর্মকর্তাসহ উভয় পরিবারের সঙ্গে আলোচনা হয়েছে। দুই পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন করে নবজাতককে বাবা-মায়ের যৌথ জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত