Ajker Patrika

মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধ, সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধ, সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
কোম্পানীগঞ্জ বাজারে ছুরিকাঘাতে নিহত সুখিয়া বেগমকে ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

বিচ্ছেদ হলেও আট বছরের মেয়েকে কার কাছে রাখবেন, তা নিয়ে বিরোধ চলছিল সাবেক স্বামী-স্ত্রীর। মেয়েকে নিজের কাছে পেতে চেয়েছিলেন বাবা, অন্যদিকে মেয়েকে ছাড়তে নারাজ ছিলেন মা। এ নিয়ে চলমান বিরোধের জেরে শেষ পর্যন্ত প্রাণ দিতে হলো মাকে। কুমিল্লার মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন সুখিয়া বেগম (৪২)।

আজ সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুখিয়া বেগম জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে শরিফের মাদক সেবনসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও মেয়েকে কেন্দ্র করে বিরোধের অবসান হয়নি। শরিফ মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়েই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া। মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মেয়েকে নিজের কাছে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে শরিফ তাঁর সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে সুখিয়া বেগমের মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত