সেন্ট মার্টিনের নিষিদ্ধ এলাকায় ট্রলিং, ট্রলারচালকের দুই মাসের কারাদণ্ড

সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রসীমায় নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি ফিশিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। ট্রলারটির চালককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দিতে না পারায় তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারটি আটক করেন। ট্রলারটিতে থাকা ২০ জন জেলেকেও আটক করা হয়।
ট্রলার থেকে বিপুল পরিমাণ হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ করা হয়। আটক অন্য ১৯ জনকে পরে ছেড়ে দেওয়া হয়।
আজ সোমবার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমের উপস্থিতিতে জব্দ করা হাঙর ও শাপলাপাতা মাছ মাটিচাপা দেওয়া হয়। ট্রলারে ব্যবহৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।









