Ajker Patrika

কক্সবাজার সৈকতে অবৈধ দোকান-হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫: ৪২
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান-হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
ফাইল ছবি।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী এলাকার বালিয়াড়ি এবং সংলগ্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, হকার ও স্থাপনা সরিয়ে নিতে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরানো না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। একই সঙ্গে সুগন্ধা সৈকতের তথ্যকেন্দ্রের সামনের মোড় এবং কলাতলীর ডলফিন মোড়সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশার পার্কিং এবং যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। আন্তর্জাতিক মানের পর্যটননগরী হিসেবে কক্সবাজারের ভাবমূর্তি রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পরিবেশদূষণ রোধ করা জরুরি।

কিন্তু সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ সংলগ্ন সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন স্থানে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছে। সৈকত ও সড়কের বিভিন্ন স্থানে হকারদের অবাধ চলাচলের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে সৈকতের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা এবং নগরীর সার্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ কার্যক্রম পরিচালনার কারণে এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে। পাশাপাশি জেলা প্রশাসনের সুগন্ধা তথ্যকেন্দ্রের সামনের মোড় এবং কলাতলী ডলফিন মোড়সংলগ্ন সড়কে যত্রতত্র ব্যাটারিচালিত টমটম ও অটোরিকশা পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে পর্যটকবাহী যানবাহন ও দূরপাল্লার বাস চলাচলে বিঘ্ন ঘটছে।

এ পরিস্থিতিতে ২২ নভেম্বরের মধ্যে সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ সংলগ্ন সড়ক ও ফুটপাতের সব ভাসমান দোকান, হকার ও অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত মোড়গুলোতে টমটম ও অটোরিকশা পার্কিং কিংবা যাত্রী ওঠানামা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে সড়কের মোড়ে ব্যাটারিচালিত টমটম বা অটোরিকশা পার্কিং করলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট যানবাহনের ব্যাটারি জব্দসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে কক্সবাজার সৈকতে ঝুপড়ি দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন হকাররা। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পর আবারও সেখানে দোকানপাট গড়ে ওঠে।

সম্প্রতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা প্রশাসনের এক সভায় সৈকতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। এরপর লাবণী থেকে কলাতলী পর্যন্ত সৈকত এলাকায় প্রায় ৯০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে সম্প্রতি আবারও হকাররা বালিয়াড়ি দখল করে দোকানপাট বসিয়েছেন। এ অবস্থায় সৈকতের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত