
তহবিল সংকটের কারণে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশুর শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আজ সোমবার সংস্থাটি এক বিবৃতিতে সতর্ক করে জানায়, অবিলম্বে টেকসই অর্থনৈতিক সহযোগিতা না এলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে শিশুদের মৌলিক শিক্ষার সুযোগও ঝুঁকিতে পড়বে।
ইউনিসেফ জানায়, সাম্প্রতিক মাসগুলোতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় পরিচালিত মানবিক সহায়তার তহবিল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে শরণার্থীশিবিরে ইউনিসেফের সহায়তাপুষ্ট শিক্ষা কার্যক্রমে। বর্তমানে স্কুলে ভর্তি থাকা রোহিঙ্গা শিশুদের ৮৩ শতাংশের শিক্ষাজীবন ঝুঁকিতে রয়েছে।
আজ দুপুরে ইউনিসেফের কক্সবাজার ফিল্ড অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কক্সবাজার প্রধান অ্যাঞ্জেলা কার্নে এসব তথ্য জানান। এ সময় ইউনিসেফ চট্টগ্রাম ফিল্ড অফিসের প্রধান মাধুরী ব্যানার্জীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্নে জানান, কক্সবাজারে ইউনিসেফের সহায়তায় পরিচালিত প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষাকেন্দ্র আপাতত জুন মাসের শেষ পর্যন্ত বন্ধ রাখা হবে। এরপর সেগুলো পুনরায় খোলা হবে কি না, তা নির্ভর করবে নতুন করে তহবিল পাওয়ার ওপর। শিক্ষা কার্যক্রম চালু হলেও গ্রেড-১ ও ২ শ্রেণিভুক্ত স্থানীয় পর্যায়ের শিক্ষকেরা আর চাকরিতে থাকবেন না। ফলে চাকরি হারাবেন স্থানীয় ১ হাজার ১৭৯ জন শিক্ষক।
কার্নে আরও বলেন, এতে ইংরেজি, বিজ্ঞান ও সামাজিক শিক্ষা শেখানো বন্ধ হয়ে যাবে। অগ্রাধিকার পাবে বর্মিজ ভাষা, গণিত, জীবন দক্ষতা ও সামাজিক-মানসিক শিক্ষা। এসব পাঠদানে যুক্ত থাকবেন রোহিঙ্গা সম্প্রদায়ের শিক্ষকেরা।
এ ছাড়া ইউনিসেফ নতুন পাঠ্যবইও বিতরণ করবে না বলে জানিয়েছে। পুরোনো বইগুলোই শিক্ষাবর্ষ শেষে নতুন শিক্ষার্থীদের মধ্যে পুনর্বিন্যাস করে দেওয়া হবে।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা শিশুরা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের অন্যতম। তাদের জরুরি শিক্ষা সেবা চালু রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছু তহবিল সংগ্রহ করা গেলেও তা পেতে দেরি হচ্ছে, ফলে সাময়িকভাবে শিক্ষাকেন্দ্রগুলো বন্ধ রাখতে হচ্ছে। জরুরি তহবিল ছাড়া এ কেন্দ্রগুলো দীর্ঘ মেয়াদে বন্ধ থাকতে পারে এবং এতে পুরো একটি প্রজন্ম পেছনে পড়ে থাকার ঝুঁকিতে পড়বে।’
এ বিষয়ে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের জাতিগত পরিচয়ের অংশ হিসেবে নিজ ভাষায় শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানকার অনেক স্থানীয় মানুষ ছোট চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এখন তারা চাকরি হারিয়ে ক্ষুব্ধ। পরিস্থিতি বিব্রতকর। আমরা বিষয়টি ইউনিসেফ ও সরকারের ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
২ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
২ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
২ ঘণ্টা আগে
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
৪ ঘণ্টা আগে