
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল আছড়ে পড়েছে। অবশ্য কোনোটিই বিস্ফোরিত হয়নি।
আজ রোববার বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপিত দুটি মর্টার শেল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে ভূপতিত হয়। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মোহাম্মদ আনিস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিকেলে বিকট শব্দে গোলাটি উত্তর পাড়ার আয়াজের বাড়ির কাছে এসে পড়ে। পরে আরো একটি গোলা কাছাকাছি রাস্তায় পড়ে। আমরা আতঙ্কে আছি, জানি না কখন কী হয়!’
ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি. রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজকে উত্তর পাড়ায় মর্টারশেলগুলো পড়েছে, স্থানীয়রা আতঙ্কে আছে।’
ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন বলেও জানান চেয়ারম্যান।
এ ব্যাপারে জানতে সীমান্তে দায়িত্বরত কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবিরের ফোনে নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে বিজিবির একটি সূত্র জানিয়েছে, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তে কর্মরত বিজিবির জোয়ানেরা।
আজ দুপুরে বাজার-সদাইয়ের জন্য নিকটবর্তী উখিয়ার কুতুপালং বাজারে আসেন ঘুমধুম উত্তর পাড়ার বাসিন্দা আবুল কালাম (৩৫)। মোবাইল ফোনে নিজের এলাকায় মর্টার শেল পড়ার খবর পেয়ে পরিবারের জন্য দুশ্চিন্তায় আছেন তিনি।
আবুল কালাম বলেন, ‘ফোনে ভাই খবর দিল বোমা পড়ছে। আমি তাকে বলেছি, পরিবার নিয়ে এদিকে চলে আসতে। চিন্তা করছি এখানে (কুতুপালং) আত্নীয়ের বাসায় থাকব।’
এদিকে, রাখাইনে উত্তেজনার কারণে ঘুমধুমের দক্ষিণ কোনাপাড়া সীমান্তের শূন্য রেখায় বসবাসরত ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ রোহিঙ্গাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহাগ রানা জানান, কয়েক দিন ধরে সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এতদিন কোনো বিস্ফোরক এপারে না পড়লেও আজকে উত্তর পাড়ায় দুটো মর্টার শেল পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।
শূন্য রেখার আশ্রয় শিবিরের বাসিন্দা রোহিঙ্গা আবুল হাকিম (৫৩) বলেন, ‘হঠাৎ করেই রাখাইনে তুমুল সংঘর্ষ হচ্ছে, আমরা আতঙ্কে আছি— কখন জানি আমাদের হতাহত হতে হয়। মিয়ানমারের বিজিপি চৌকি বসিয়ে আমাদের নজরদারি করছে, নিজ দেশে আদৌ ফেরত যাব কি না জানি না।’
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মর্টার শেল পড়ার কথা স্বীকার করেন। তবে ঘুমধুমের সূত্র, জনপ্রতিনিধি এবং সাংবাদিকেরা তিনটি মর্টার শেলের কথা বললেও পুলিশ সুপার দুটি মর্টার শেল পড়ার কথা বলেছেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুপুর আড়াইটার দিকে বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে ছোড়া দুটি মর্টার শেল সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক আধা কিলোমিটার ভেতরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তর পাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে।
পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে গোলা পতিত হওয়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন আছে।’
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের উত্তর মংডুর ৩৮নং সীমান্ত পোস্ট সংলগ্ন এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী ও রাখাইনের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।
এছাড়া রাখাইনের পালেতুয়া এলাকায় সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন মিয়ানমার সেনা নিহত হয় বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

ময়মনসিংহ নগরীতে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। সেই কাজ এখনো শেষ হয়নি। কোথাও কথাও অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলে রাখা হয়েছে। কোথাও কোথাও ড্রেনের কাজ শেষ হলেও বসানো হয়নি ঢাকনা। ড্রেনের মাঝখানে রয়ে গেছে বৈদ্যুতিক খুঁটি।
৫ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একসময়ের খরস্রোতা শ্রীমন্ত নদ খালে পরিণত হয়েছে। সেই খালের একটি অংশ দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। যেখানে পরিচালনা করা হবে ক্লিনিকের কার্যক্রম। এমনকি পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচতলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হলেও ভবনটি এরই মধ্যে অবৈধভাবে...
৫ ঘণ্টা আগে
আমের হাটে কখনোই ৪০ কেজিতে মণ হয় না। আড়তদাররা ৪৫ থেকে ৫৪ কেজি পর্যন্ত আম নেন চাষিদের কাছ থেকে। আর দাম দেন ৪০ কেজির। প্রতিবছরই প্রশাসন এই ‘ঢলন’ প্রথা বাতিলের ঘোষণা দেয়। কিন্তু বাস্তবে তা কার্যকর হয় না। এবারও একই অবস্থা। আম উৎপাদনকারী জেলা রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মোকামে মোকামে...
৫ ঘণ্টা আগে
কয়েক দিনের টানা বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে ধস দেখা দিয়েছে। এতে সড়কে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সেতুর সংযোগ সড়কে ধসের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা...
৬ ঘণ্টা আগে