ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন দিয়েছেন, আগামী ইউপি নির্বাচনেও একইভাবে তৃণমূলকে গুরুত্ব দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির চার ইউনিটের নেতা-কর্মী ও তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার আলমগীর। সকাল ৯টায় শুরু হওয়া সভা চলে বিকেল ৫টা পর্যন্ত।
সরোয়ার আলমগীর বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ অঞ্চলের বিএনপির নেতা-কর্মীসহ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে বিজয়ী করেছেন। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।’
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর আরও বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সবার সহযোগিতাও কামনা করেন সরোয়ার আলমগীর।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি বলেন, ‘তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতা-কর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। আগামী ইউপি নির্বাচনে আমি ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর তৃণমূলকে বেছে নেব।’
সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে সংসদ সদস্যকে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ফয়সাল মাহমুদ ফয়েজী।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নুরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজল বারী, আবুল কালাম আজাদ, ফরিদুল আলম চেয়ারম্যান ও শাহনেওয়াজ সেবুলসহ স্থানীয় নেতারা।
সভায় ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির প্রায় দেড় হাজার নেতা-কর্মী অংশ নেন।









