নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার গৌরীপুর বাজার এলাকায় তাঁর নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার একটি দল গতকাল বুধবার রাতে গৌরীপুর বাজার এলাকায় রোজিনা আক্তারের বাসায় অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
রোজিনা আক্তার ২০২০ সালে দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।









