
চট্টগ্রামে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৪৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় পাঁচ আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার সাবেক কর্মকর্তা মো. আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রণেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক এসপিও (আইডি রিকন) মো. সাঈদ হোসেন।
এ মামলায় একই শাখার সাবেক কর্মকর্তা নুরুল হুদাকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপর আসামি আবু বকর সিদ্দিকীর মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় দুই বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের কারাদণ্ড দেন। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।
এনামুল ইসলাম বলেন, প্রত্যেক আসামিকে ৪৬ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার কয়েকজন কর্মকর্তা ও গ্রাহক যোগসাজশে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করেন। পরে সেই অর্থ বিভিন্ন চলতি ও এসটিডি হিসাবের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
ঘটনার পর বিশেষ পরিদর্শন দলের তদন্তে ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের তথ্য উঠে আসে। এ ঘটনায় ২০০০ সালের ৬ এপ্রিল জনতা ব্যাংকের তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম মিয়া নগরের ডবলমুরিং থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ২০১৩ সালের ৬ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের’ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ মিনিট আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি অর্থে নির্মিত হয়েছে এমন এক দোতলা স্কুল ভবন, যেখানে নেই দ্বিতীয় তলায় ওঠার কোনো সিঁড়ি। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির দ্বিতীয় তলা তাই ব্যবহার করা যাচ্ছে না গত চার বছর ধরে। তালতলা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের নিচতলার দুটি কক্ষে বাঁশ ও চাটাইয়ের বেড়া দিয়ে অস্থায়ীভাবে...
২৪ মিনিট আগে
নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। অপরিপক্ব আমের বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণ থাকলে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ে (ডিসি) অফিসের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে