
চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
সর্বশেষ ৩ সেপ্টেম্বর রাতে যুবদল কর্মী মোহাম্মদ করিমকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আবার সামনে এসেছে দুর্ধর্ষ কিলারদের বেপরোয়া তৎপরতা। পুলিশের দাবি, হত্যাকাণ্ডগুলোর আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে; তবে সবচেয়ে ভয়ংকর কয়েকজন এখনো ধরাছোঁয়ার বাইরে।
২০২৪ সালের ২৮ আগস্ট আবদুল মান্নানকে হত্যার পর গত দুই বছরে একের পর এক বেপরোয়া হত্যাকাণ্ডের শিকারে পরিণত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিমের খামারবাড়ির কর্মচারী মুহাম্মদ ইউসুফ মিয়া, মুহাম্মদ আজম খান, আবু তাহের, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হাসান, কমর উদ্দিন জিতু, মো. রুবেল, নুর আলম বকুল, মো. জাফর, মানিক আবদুল্লাহ, মো. ইব্রাহিম, রূপন নাথ, মো. আলমগীর, মুহাম্মদ সেলিম, দিদারুল আলম রিংকু, আবদুল হাকিম, আলমগীর আলম ওরফে আলম, জানে আলম সিকদার, মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে রিয়াদ, আবদুল মুজিব ওরফে মুজিব ভান্ডারি, কাউসার উজ জামান বাবলু, মো. নাছির তালুকদার ওরফে মধু নাছির, মাকসুদুল হক চৌধুরী ওরফে মাসুদ, মোহাম্মদ আবদুল মান্নান সওদাগর ও মোহাম্মদ করিম। ২৭ জনের হত্যাকাণ্ডের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ নিশ্চিত করলেও তাঁদের মধ্যে একজনের নাম-ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।
রক্তাক্ত জনপদ রাউজানে বেপরোয়া এই হত্যাযজ্ঞে হুকুমদাতা হিসেবে নাম এসেছে ভারতের পাঞ্জাবে অবস্থান করা একসময়কার ক্যাডার সাজ্জাদ হোসেন খান ওরফে বড় সাজ্জাদের নাম। এরপর মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার, মোহাম্মদ আবছার মিয়া, মোহাম্মদ রায়হান (বাহিনী প্রধান), মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ আইয়ুব, ডেভিড ইমন ও মোহাম্মদ মোবারক ওরফে কালা মোবারক। সবচেয়ে দুর্ধর্ষ কিলার হিসেবে পরিচিতি পেয়েছেন মোহাম্মদ রায়হান।
জানা গেছে, তাঁদের মধ্যে ডেভিড ইমন, কালা মোবারক, ধামা ইলিয়াস, দিদারুল আলম ওরফে দিদার ও মোহাম্মদ আবছার মিয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারলেও সবচেয়ে ভয়ংকর কিলার হিসেবে পরিচিত রায়হান এখনো অধরা। ৩ সেপ্টেম্বর যুবদল কর্মী করিম হত্যাকাণ্ডের ৫ ঘণ্টা পর হাতে নাইন এমএম পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও সামাজিক মাধ্যমের স্টোরিতে ছড়িয়ে দেন রায়হান। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আপলোড করা এই ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা। উল্লিখিতরা বড় সাজ্জাদের অনুসারী।
পুলিশ সুপার মাসুদ আলম জানান, সব কটি হত্যাকাণ্ডে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
সম্প্রতি কয়েকজন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। রায়হানসহ অন্য জড়িতদের ধরতে অভিযান চলছে।
এদিকে দুর্ধর্ষ সন্ত্রাসীদের একের পর এক লাশ ফেলে দেওয়ার ঘটনায় রীতিমতো খেই হারানো অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। দুর্ধর্ষ এসব কিলার পরিকল্পনামাফিক নৃশংস কায়দায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কোনো ধরনের প্রতিরোধ কিংবা আগাম তথ্য পায় না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উন্মুক্তভাবে খুনের ঘটনা ঘটলেও সাধারণ মানুষ সাহস করছে না তাদের থামাতে। ফলে কিলার খুনের পর দিব্যি নিজেদের ডেরায় ফিরে যেতে সক্ষম হয়েছে প্রতিবারই। সন্ত্রাসীরা নিজেদের সুরক্ষিত ডেরা হিসেবে ব্যবহার করে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও ফটিকছড়ির গহিন পাহাড়ি এলাকাকে।
এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রাউজানে হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। কিলারদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আসামি গ্রেপ্তার হচ্ছে। ইতিমধ্যে দুর্ধর্ষ কয়েকজন কিলারকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ কি পেরে উঠছে না—এমন প্রশ্নে ওসি বলেন, ‘এটা ঠিক নয়। পুলিশও পুলিশের মতো কাজ করছে। আশা করছি, পুলিশ সফল হবে।’

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৫ ঘণ্টা আগে