Ajker Patrika

চট্টগ্রাম-৫: এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৯৮ ভোট কাস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-৫: এক কেন্দ্রে আড়াই ঘণ্টায় ৯৮ ভোট কাস্ট
ভোটকেন্দ্রে ভোটারের লাইন। ছবি: আজকের পত্রিকা

আংশিক নগর ও হাটহাজারী উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৫ আসনের একটি কেন্দ্রে আড়াই ঘণ্টায় মাত্র ৯৮টি ভোট কাস্ট হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুলগাঁও সিটি করপোরেশন কলেজ ভোটকেন্দ্রে সকাল ১০টা নাগাদ এই চিত্র দেখা গেছে।

কুলগাঁও সিটি করপোরেশন কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ৯৮ ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ৭৫০টি। এই হিসাবে কেন্দ্রটিতে ২ দশমিক ৬১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি একটু কম ছিল। এখন কিছু ভোটার আসা শুরু করেছে। আশা করছি, দুপুরের দিকে উপস্থিতি বাড়বে। সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।’

ভোটকেন্দ্রটি ঘুরে দেখা গেছে, কেন্দ্রটির বাইরে ও ভেতরে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার জন্য সেখানে থাকা ৪টি বুথের সামনে ভোটারদের লাইন ছিল ছোট। সেখানে সংখ্যালঘু ভোটারদের উপস্থিতিও দেখা গেছে। নির্বাচনী এলাকাটিতে নিয়োজিত ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ কেন্দ্রের খবর নিতেও দেখা যায়। কেন্দ্রটিতে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপস্থিতি থাকলেও অন্য প্রার্থীর লোকজনের অবস্থান দেখা যায়নি। কেন্দ্রের বাইরেও বিএনপি প্রার্থীর হয়ে রিকশা করে ভোটারদের আনা-নেওয়ার কাজ করছে তারা।

নির্বাচন কমিশনের তথ্যে এই আসনটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৮০৬ ও নারী ভোটার রয়েছেন ২ লাখ ৪০ হাজার ৭২৩ জন। সকাল থেকে ১৪২টি কেন্দ্রের ৯৩৯টি বুথে ভোট গ্রহণ চলছে। আসনটিতে মোট ৬ জন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী, বাংলাদেশ লেবার পার্টি মো. আলাউদ্দিন, স্বতন্ত্র মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুহাম্মদ রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত