
কর্ণফুলী নদীর কান্না থামছে না। নদীর তীর দখল করে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দখলদারের হাত। এই অবস্থায় নদী ও পরিবেশ বাঁচাতে ১০টি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন আজ শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় মানববন্ধন করেছে। ক্ষমতাসীন দলের এমপি-নেতাদের নদী দখলকারীদের পক্ষে অবস্থান নেওয়ার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচি থেকে আগামী ১৫ দিনের মধ্যে নদীতীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন। তাঁদের অভিযোগ, ক্ষমতাসীন দলের এমপি এবং বিএনপিদলীয় কয়েকজন আইনজীবী দখলদার জাতীয় মৎস্যজীবী সমবায় ও চট্টগ্রাম বন্দরের পক্ষে হাইকোর্টে অবস্থান নিয়ে জনস্বার্থে মামলা পরিচালনাকারী আইনজীবীদের বিভিন্নভাবে নাজেহাল করছেন। এতে চট্টগ্রামবাসী ও দেশের অর্থনীতির সঞ্চালক কর্ণফুলী নদী দখলে সরাসরি ভূমিকা রাখা হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।
বক্তারা বলেন, ভবিষ্যতে দখলদারদের পক্ষে অবস্থান নেওয়া হলে নৌ ধর্মঘটসহ প্রতীকী কর্ণফুলী ভরাট কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, কর্ণফুলী দখল করে গড়ে ওঠা অবৈধ মাছবাজার জেলা প্রশাসকের দেওয়া উচ্ছেদ নোটিশে ১৪ নম্বর দখলদার হিসেবে চিহ্নিত। এ ছাড়া নদী দখল করে গড়ে ওঠা ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো প্রতিবন্ধকতা নেই। আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন থেকে কর্ণফুলী নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এলাকাটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা এবং সেখানে দেশীয় প্রজাতির ফলদ ও ঔষধি গাছের বাগান তৈরির দাবিও জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন রুবা, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও পরিবেশকর্মী ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, সাংবাদিক ও পরিবেশকর্মী রোজী চৌধুরী, কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতির সভাপতি মোজাম্মেল হক এবং কর্ণফুলী নদী জেলে সম্প্রদায়ের প্রতিনিধি সুমন দাশ।
বক্তারা বলেন, ২০১০ সালে হাইকোর্টে করা রিটের আইনজীবী ছিলেন আওয়ামী সরকারের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। ২০১৯ সাল পর্যন্ত ওই মামলার আপিল বিভাগের আইনজীবী ছিলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস। পরে দখলদারদের করা রিট মামলার আইনজীবী ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন বার কাউন্সিল সদস্য সাঈদ রাজা। তাঁদের দাবি, এই তিন মামলায় দখলদারেরা হেরে গেলে অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ বহাল রাখেন হাইকোর্ট।
বক্তারা আরও বলেন, তিনটি মামলায় পরাজয়ের পর একই গ্রাউন্ডে করা ৪৬২৪/২০২৫ নম্বর মামলায় আইনজীবী হিসেবে লড়ছেন মাহাবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। এটিকে তাঁরা দেশের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, ‘অতীতে জানতাম, কর্ণফুলী নদীর সব দখলদার আওয়ামী লীগের, এখন দেখছি সবাই বিএনপি হয়ে গেছে। দেশের স্বার্থ লুট ও পরিবেশ-প্রতিবেশ ধ্বংসে লুটতরাজকারীরা ক্ষমতার ছায়ায় থাকে, এটাই তার বড় প্রমাণ।’
মানববন্ধনে অংশ নেওয়া ১০টি সংগঠন হলো: চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ ফোরাম, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, কর্ণফুলী নদী হস্তচালিত বড় সাম্পান সমিতি, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ও ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্ক উৎস।

‘রাকসু সদস্যরা টাকা উত্তোলন করে ভাউচার জমা দিতে পারছেন না। তাঁদের কারও হিসাব না মিললে এখান থেকে ভাউচার নিয়ে হিসাব মেলাতে পারবেন। তাঁদের সুবিধার জন্যই এ মেলার আয়োজন করা হয়েছে।’
২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়।
৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পরান মন্ডলেরটেক গোদারাঘাট এলাকায় লাশটি পাওয়া যায়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার ধারা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
১২ মিনিট আগে