
চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন ওরফে ‘টোয়েন্টি জসিম’ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। পুলিশের দাবি, নিজের বিরুদ্ধে থাকা মামলার খরচ জোগাতেই তিনি মাদক ব্যবসায় জড়িয়েছেন। এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান কেইপিজেডের দক্ষিণ গেটের সু-গেট-১–এর সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, উপস্থিতি টের পেয়ে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।
এজাহারে বলা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে জসিম তাঁর হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪৭টি ইয়াবা উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১৪ গ্রাম। এজাহারে এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ হাজার ১০০ টাকা উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জসিম জানান, তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার খরচ জোগাতে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি আরও জানান, পলাতক মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এজাহার ও পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাতে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কর্ণফুলী থানায় ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য আইন, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এ ছাড়া পটিয়া ও আনোয়ারা থানায়ও তাঁর বিরুদ্ধে ডাকাতির মামলা থাকার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিসিএস শিক্ষকদের বাধায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে উপাধ্যক্ষ পদে আজ রোববারও যোগদান করতে পারেননি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। আজ দিনভর অর্ধশত শিক্ষক অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ছাত্রদের পৃথক দুটি অংশ প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।
১ সেকেন্ড আগে
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডের পেন্নাই ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে সৌন্দর্যবর্ধন ও চলাচলের সুবিধার্থে ৬১৫টি ডেকোরেটিভ পোল (আলংকারিক খুঁটি) স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পর্যায়ক্রমে এসব পোল স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন...
১৫ মিনিট আগে
নীলফামারীর জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টার দিকে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৩ মিনিট আগে