Ajker Patrika

ওয়াসার পাইপ মেরামত হয়নি, পানি সংকট চরমে

  • যেসব ভবনে গভীর নলকূপ নেই, সেসব বাসিন্দাদের ভোগান্তির সীমা নেই।
  • আজ শুক্রবার পানি সরবরাহ স্বাভাবিক হতে পারে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ওয়াসার পাইপ মেরামত হয়নি, পানি সংকট চরমে
চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় ওয়াসার ফেটে যাওয়া পাইপলাইন মেরামতের কাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক-সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণের কাজ চলাকালে ক্ষতিগ্রস্ত হওয়া পাইপলাইন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঠিক হয়নি। ফলে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশে ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। আজ শুক্রবার নাগাদ পানি সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম।

এর আগে গত সোমবার বিকেলে ওয়াসার সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হয়। ওই পাইপলাইন দিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হয়। চট্টগ্রাম ওয়াসার তথ্যমতে, ৪৮ ইঞ্চি ব্যাসের ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নগরীর উত্তর ও দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, নয়া বাজার, মাদারবাড়ি, দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া, লালখান বাজার, ওয়াসার মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট, বায়েজিদ বোস্তামি, নাসিরাবাদ, অক্সিজেন, মুরাদপুর, কদমতলী, আনন্দবাজার, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ আবাসিক, মোমেনবাগ, বহদ্দারহাট, কুয়াইশ, নন্দনকানন, জামালখান, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, আন্দরকিল্লা ও সংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। যেসব ভবনে বিকল্প হিসেবে গভীর নলকূপ নেই, সেসব ভবনের বাসিন্দাদের ভোগান্তির সীমা নেই।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাইপলাইনের প্রায় ৮-১০ ইঞ্চি ফেটে গেছে। পাইপে থাকা সব পানি বের করে মেরামতের চেষ্টা চলছে। পাইপের ওপর দেওয়া সিমেন্টের ঢালাই অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করার সময় দুর্ঘটনাবশত পাইপ ভেঙেছে। ওই পাইপলাইন থেকে সব পানি রিলিজ করে তারপর মেরামতের কাজ শুরু করতে হয়েছে। বর্তমানে নগরীর অর্ধেক পানি সরবরাহ বন্ধ রয়েছে। শুক্রবার নাগাদ পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত