Ajker Patrika

নিখরচায় গাছের চিকিৎসা

নাজমুল হাসান, চট্টগ্রাম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৫
নিখরচায় গাছের চিকিৎসা

নগরের ঝাউতলা এলাকার রাজিয়া সুলতানা বাড়ির ছাদে অন্যান্য ফল গাছের সঙ্গে পেয়ারাগাছও লাগিয়েছিলেন। গাছে পেয়ারা ধরলেও সেগুলোতে পোকা বেড়ে গেছে। প্রতিবেশী একজনের পরামর্শে পোকায় ধরা কয়েকটি পেয়ারা নিয়ে হাজির হলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চট্টগ্রাম কেন্দ্রে। সেখানে কর্তব্যরত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম আজম জানালেন, তাঁর পেয়ারাগাছে হোয়াইট ফ্লাই পোকা হয়েছে। কিছু পরামর্শ দিলেন, কয়েকটি ওষুধের নামও লিখে দিলেন।

কৃষ্ণচূড়া এলাকায় সবজির চাষ করেন নুরুল আলম। তিনিও সব সময় এখান থেকে পরামর্শ নেন। এবার এসেছিলেন লাউগাছে পোকার সমস্যা নিয়ে। বৈজ্ঞানিক কর্মকর্তা জানালেন, পাউডারি মিল্ডভিউ রোগ ও মাছি পোকা দ্বারা  আক্রান্ত হয়েছে তাঁর লাউগাছ। ওষুধের নাম লিখে দেওয়ার পাশাপাশি দিলেন পরামর্শও। খুশি মনে বেরিয়ে গেলেন নুরুল আলম।

শুধু রাজিয়া সুলতানা আর নুরুল আলম নন, চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকা থেকে প্রতিদিন ১০-১৫ জন গাছের বিভিন্ন রোগের জন্য আসেন পরামর্শ নিতে। এখানে কর্তব্যরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম হারুনুর রশীদ, বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম কামরুল হাসান চৌধুরী ও মো. গোলাম আজম তাঁদের সঙ্গে কথা বলে পরামর্শ দেন। অনেকে ফোনেও সেবা নিয়ে থাকেন।

আকবরশাহ এলাকায় ছাদবাগান করা মোশাররফ হোসেন বলেন, ‘শখের বসে ছাদবাগান করি। এখানে শসা, টমেটো, মরিচ, কাঁকরোল ও বিভিন্ন শাক চাষ করি। কিছুদিন পর পর কোনো না কোনো সমস্যা দেখা দেয় গাছে। ছবি তুলে কখনো কখনো ফল হাতে নিয়ে এখানে আসি। তাঁরা বিনা পয়সায় পরামর্শ দেন। সে অনুযায়ী ব্যবস্থা নিই। এখন নিজেও অভিজ্ঞ হয়ে উঠছি।’

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গোলাম আজম আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষকে পরামর্শ দেওয়াটা আমাদের অফিশিয়াল কাজ নয়। তবু কৃষক ও মানুষের উপকারের জন্য এটি করি। এখানে আমের অ্যানথ্রাকনোস, কলার পানামা,  ছিগা টোকা, শসা, কুমড়া, লাউ ইত্যাদির পাউডারি মিল্ডভিউ, পেয়ারার হোয়াইট পোকা ও শীতকালীন সবজির বিভিন্ন সমস্যা নিয়ে বেশি মানুষ আসেন। তাঁদের প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি কাউনেসলিং করি।’

এই বৈজ্ঞানিক কর্মকর্তা আরও বলেন, শহরে বেশির ভাগ মানুষ ছাদবাগানের দিকে ঝুঁকছে। কিন্তু এই বাগান করতে যে ব্যবস্থাপনা দরকার, সেটি নেই কিংবা এ সম্পর্কে অনেকে অজ্ঞ। ছাদবাগান করতে হলে অবশ্যই সঠিক ব্যবস্থাপনা দরকার। প্রতি তিন মাস পরপর মাটির প্রয়োজনীয় উপাদান নিশ্চিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত