Ajker Patrika

মনোনয়ন না পেলে পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মানিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মনোনয়ন না পেলে পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মানিক
গত শুক্রবার মধ্যমপাড়া এলাকার ২ ও ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক। ছবি: সংগৃহীত

দলীয় মনোনয়ন না পেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক। এ জন্য সংগঠনের পদ থেকেও অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়া এলাকার ২ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন। মধ্যমপাড়া ঈদগাহ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জমির উদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দলের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আমার বিরুদ্ধে মোট ১৮টি মামলা হয়েছে। বর্তমানে ১১টি মামলা চলমান রয়েছে। এত কিছুর পরও দলের প্রতি আমার সম্মান ও দায়িত্ববোধ রয়েছে।’

দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। ২০২২ সালে দল আমাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিবের দায়িত্ব দিয়েছে। এ জন্য ঢাকায় গিয়ে কাউকে তদবির করতে হয়নি। দল আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজপথের ভূমিকা বিবেচনা করেই দায়িত্ব দিয়েছে বলে আমি মনে করি। এখন দক্ষিণ জেলার আওতাধীন ৯০টি ইউনিয়নের মধ্যে নিজের ইউনিয়নে যদি দলীয় মনোনয়ন না পাই, তাহলে আমার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘দল যদি কোনো কারণে আমাকে মনোনয়ন না দেয়, তাহলে দলের প্রতি সম্মান রেখেই স্বেচ্ছাসেবক দলের পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।’

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. ইউনুস সওদাগর। বিএনপি নেতা আবু সুফিয়ান চৌধুরী হিরু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত