Ajker Patrika

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত, সেই নৈশপ্রহরীকে সম্মাননা প্রশাসনের

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত, সেই নৈশপ্রহরীকে সম্মাননা প্রশাসনের
ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমে সম্মাননা গ্রহণ করছেন মো. নুরুল আলম। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচাকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

মো. নুরুল আলম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

গত ১০ জুন দিবাগত রাত ১২টার দিকে দায়িত্ব পালনের সময় নাজিরহাট বাজারের সোসাইটি মাঠসংলগ্ন সড়কে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান নুরুল আলম। ব্যাগটি খুলে ভেতরে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে সেটি নিরাপদে নাজিরহাট পৌরসভার কার্যালয়ের একটি কক্ষে সংরক্ষণ করেন। একই সঙ্গে টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন তিনি।

খোঁজ নিয়ে নুরুল আলম জানতে পারেন, টাকাগুলো নাজিরহাট বাজারের ব্যবসায়ী ও এম আর জুয়েলার্সের মালিক দুর্লভ ধরের। বিভিন্ন সূত্রে মালিকানা নিশ্চিত হওয়ার পর নাজিরহাট পৌরসভার কর্মচারী মো. ওমর ফারুক এবং ব্যবসায়ী মামুন, জিকু, নির্জন, রিপন ও রাজেশের উপস্থিতিতে টাকাভর্তি ব্যাগটি দুর্লভ ধরের হাতে তুলে দেন তিনি।

১২ জুন ‘কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিলেন নৈশপ্রহরী’ শিরোনামে আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর নুরুল আলমের সততা স্থানীয়ভাবে প্রশংসিত হয়।

পুরস্কার পেয়ে মো. নুরুল আলম বাঁচা বলেন, ‘আমার কাছে এই পুরস্কার আকাশসম। এভাবে স্ব-স্ব জায়গা থেকে ভালো কাজে এগিয়ে এলে দেশটা আসলেই বদলানো সম্ভব। আমি উপজেলা প্রশাসনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।’

সম্মাননা প্রদানকালে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘একটু দেরিতে হলেও তিনি তাঁর কাজের স্বীকৃতি পেয়েছেন। তাঁর এই সততা ও মহৎ উদ্যোগ সমাজের সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত