কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

কমিশন, বিভিন্ন চার্জ ও একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে রেস্তোরাঁ পরিচালনায় আর্থিক চাপ বাড়ছে—এমন অভিযোগ তুলে চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।
ফুডপান্ডাকে দাবি পূরণের জন্য দেওয়া সময়সীমা গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেষ হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেছে সংগঠনটি।
গতকাল নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবিদাওয়ার বিষয়ে কোনো সমাধান না আসায় বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেস্তোরাঁমালিকেরা।
রেস্তোরাঁমালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশনকাঠামো, বিভিন্ন ধরনের অতিরিক্ত চার্জ ও ব্যবসায়িক নীতিমালার কারণে তাঁদের পরিচালন ব্যয় বাড়ছে এবং আর্থিক চাপ তৈরি হচ্ছে। এসব খরচ বাদ দেওয়ার পর বিক্রির অর্থ থেকে রেস্তোরাঁগুলোর প্রকৃত আয় নিয়েও উদ্বেগ রয়েছে তাঁদের।
মালিকদের মতে, অনলাইন খাবার সরবরাহের প্ল্যাটফর্ম রেস্তোরাঁগুলোকে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ করে দিলেও কমিশন ও অন্যান্য চার্জের কারণে সেই সুবিধা কাজে লাগাতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে কমিশন ও চার্জের কাঠামো পুনর্বিবেচনা এবং গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার সেবা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে।








