Ajker Patrika

ছিনতাইকারীকে ধাওয়া, বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছিনতাইকারীকে ধাওয়া, বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
পুলিশ কনস্টেবল আল আমিন সরদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই পুলিশ সদস্যের নাম আল আমিন সরদার। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনস এসএএফ শাখায় কর্মরত ছিলেন।

সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, গতকাল রোববার ইস্পাহানি চেকপোস্টে নিয়মিত ডিউটিতে ছিলেন কনস্টেবল আল আমিন। সকাল সাড়ে ৬টার দিকে সেখানে এক ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন তিনি। এ সময় একটি বেপরোয়া গতির বাস তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তিনি জানান, আল আমিন সরদার ২০২২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। মাত্র চার বছরের কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যের এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার মো. হাসান মো. শওকত আলী। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত