এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

এতিম ও দুস্থদের কল্যাণে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। তাদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালীদেরও এগিয়ে আসতে হবে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে মাদ্রাসাশিক্ষার গুরুত্ব অপরিসীম।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমসহ অনেকে।









