চুয়েটের ৯৫ অধ্যাপকের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব শিক্ষক সমিতির

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ চেয়েছে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।
আজ বুধবার শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এসব কথা বলেন সমিতির সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংকট নিরসনে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।
অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ‘চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
চুয়েটের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি সভা করেন শিক্ষার্থীরা। আজ ভোর হতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। বিক্ষোভ মিছিল থেকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের ৬৬ দিন পার হলেও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিরোধের অবসান হয়নি। দুই মাসেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার মধ্যেই শিক্ষার্থীদের মধ্যরাতের সভা, বিক্ষোভ মিছিল, শিক্ষক সমিতির জরুরি সভা এবং সরকারের প্রতি দ্রুত সমাধানের আহ্বানে চুয়েটের সংকট নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করা হলে তাঁকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা পরদিন ২২ সেপ্টেম্বর থেকে 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন।










