বিয়ের চার মাসেই নববধূর রহস্যজনক মৃত্যু, নির্যাতনের পর হত্যার অভিযোগ

বিয়ের মাত্র চার মাসের মাথায় চট্টগ্রামের রাউজানে রিমা দে নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত রিমা দে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে দম্পতির মেয়ে। চার মাস চার দিন আগে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে’র (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়।
নিহতের মা প্রভা রাণী দে জানান, গতকাল বেলা ৩টার দিকে তাঁদের ফোন করে জানানো হয়, রিমা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌধুরীহাট হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও মেয়ের সন্ধান পাননি। পরে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান।
প্রভা রাণী দে বলেন, মেয়ের মরদেহ পাওয়ার পর তাঁদের জানানো হয়, রিমা আত্মহত্যা করেছেন। তবে মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মেয়েকে নির্যাতনের পর বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রস্তুতের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন বলে দাবি করেছেন স্বজনেরা। এ ছাড়া নিহতের ঘরের আসবাবপত্রও ভাঙচুর অবস্থায় দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বিয়ের মাত্র চার মাসের মাথায় নববধূর এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড—তা জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।









