Ajker Patrika

রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুইজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রেলওয়ের নিয়োগে নম্বরপত্র জালিয়াতি: সাবেক জিএম মৃধাসহ দুইজনের কারাদণ্ড
ফাইল ছবি

রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্র ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার ঘটনায় দুদকের মামলায় রেল পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ দুই কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে। পৃথক ধারায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. সরোয়ার হোসেন নামের এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে ১০৯ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা মূল্যায়নের পর চারজন প্রার্থী উত্তীর্ণ হলেও মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে না দিয়ে গোলাম কিবরীয়া নিজে আরেকটি নম্বরপত্র তৈরি করেন।

মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে নম্বর পরিবর্তনের প্রমাণ পায় দুদকের অনুসন্ধান।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় মো. ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তা ঘষামাজা করে ৪০ করা হয়। বিপরীতে নিয়োগ পাওয়া মো. সরোয়ার হোসেনের প্রাপ্ত নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়।

মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট হিসাবে সরোয়ার হোসেন এগিয়ে গেলে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়। ইউসুফ আলী মৃধা সেই সুপারিশ অনুমোদন করেন।

ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত