
অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী। রোববার (২০ জুলাই) সকালে কয়েক মিনিটের বৃষ্টিতে বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। এতে স্কুলশিক্ষার্থী, পথচারী, যানবাহন ও মার্কেটে আসা সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
সরেজমিন দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডিসি কার্যালয়ের সামনে কালেক্টর চত্বর, সিভিল সার্জন কার্যালয়ের সামনেসহ নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, প্রফেসরপাড়া, বালুবাগান, আরামবাগ, মেথরপাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে, বাতেন খাঁসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।
পৌরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এবং সময়মতো ড্রেন পরিষ্কার না করায় এমন পরিস্থিতি। তাঁরা বলেন, সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেগুলো কার্যকর নয়।
আরামবাগ এলাকার বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘আমরা এক অথই সাগরে বসবাস করছি। অল্প বৃষ্টিতেই হাঁটুপানি হয়ে যায়, বাসা থেকে বের হওয়া দায় হয়ে পড়ে। অথর্ব পৌর প্রশাসক কিছুই করছে না।’
প্রফেসরপাড়ার বাসিন্দা আবুল কালাম বলেন, ‘একটু বৃষ্টিতেই যদি এই অবস্থা হয়, তাহলে পৌরসভা কি ঘুমিয়ে আছে? নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে ছোট ড্রেন নির্মাণ হচ্ছে, তা-ও ঢিমেতালে। এভাবে পানি নিষ্কাশন সম্ভব নয়। এটা শুধুই টাকা অপচয়ের কাজ।’
ক্লাব সুপার মার্কেটের দোকানদার ফেরদৌস হোসেন বলেন, ‘আজ কয়েক মিনিটের বৃষ্টিতেই পুরো মার্কেট পানিতে ডুবে গেছে। আগেও অল্প বৃষ্টিতে এমন হয়েছে। নিউমার্কেটেও একই অবস্থা।’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম বলেন, ‘পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ চলছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। কাজ শেষ হলে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।’
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতা হচ্ছে। আমরা সাধ্যমতো লোকবল দিয়ে ড্রেন পরিষ্কার করছি। তবে পুরোপুরি সম্ভব হচ্ছে না। এর জন্য পৌরবাসীও দায়ী, তাঁরা ড্রেনে ময়লা ফেলে ড্রেন বন্ধ করে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আগামীতে পৌরবাসীর দুর্ভোগ কমাতে একটি “মাস্টার প্ল্যান” করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে আশা করি সমস্যার স্থায়ী সমাধান হবে।’

আজ সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন প্রয়োগে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৬জন ঘটনাস্থলে সমবেত হওয়ার সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এরা উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।
১ ঘণ্টা আগে
১৬ বছরের কিশোরী ভাগনিকে শ্লীলতাহানির অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিকেল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফয়সাল। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাকে জামিন দিয়েছেন।
১ ঘণ্টা আগে