Ajker Patrika

সরকারি খাল দখল, তদন্ত করে প্রতিবেদন দিতে ওসিকে আদালতের নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি
সরকারি খাল দখল, তদন্ত করে প্রতিবেদন দিতে ওসিকে আদালতের নির্দেশ
সরকারি খাল দখল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরেজমিনে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

ওই আদেশে উল্লেখ করা হয়, ২২ এপ্রিল স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জেলার কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে কাপিলাবাড়ি মাদ্রাসা, এতিমখানা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি প্রবহমান সরকারি খাল দখল করে ওই এলাকার বাসিন্দা শহীদ উল্লাহ কোম্পানি প্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পাকা মার্কেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন। যার ফলে এলাকার কয়েক হেক্টর কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন।

প্রতিবেদনে বর্ণিত কার্যক্রম আপাতদৃষ্টিতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি শাস্তিযোগ্য অপরাধ বলে প্রমাণিত হয়। এই ধারায় সরকারি ও জনসাধারণের ব্যবহার্য ভূমিতে অবৈধভাবে দখল বা স্থাপনা নির্মাণকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে খাল একপ্রকারের জলাধার এবং একই আইনের ৬৬ ধারামতে জলাধার ভরাট করা আইনত দণ্ডনীয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন বলেন, ২৩ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান খাল ভরাট বিষয়ে আদেশ দেন। সেখানে তিনি কচুয়া থানার ওসিকে সংবাদে উল্লেখিত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শনপূর্বক স্থানীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণসহ জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী খুন: মিথ্যা জবানবন্দি দিয়ে ধরা খেল খুনি, প্রকাশ্যে রোমহর্ষক তথ্য

ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের

৩ দিনের মধ্যে বিস্ফোরিত হতে পারে ইরানের তেল অবকাঠামো: ট্রাম্প

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

এবার এলপিজি কার্ডের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত