Ajker Patrika

ঘূর্ণিঝড় আকভানের থাবা, চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি
ঘূর্ণিঝড় আকভানের থাবা, চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত
চাঁদপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আমন ধানের খেত। সদরের সোবহানপুর গ্রাম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাতে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে সবজির জমিতে পানি জমে রয়েছে। অনেক খেতের মৌসুমি সবজির গাছ নুয়ে পড়েছে। কোথাও কোথাও পুরো জমি পানিতে তলিয়ে গেছে।

চাঁদপুরে ঘুর্ণিঝড়ে আক্রান্ত সব্জির জমি। চাঁদপুর সদরের বাগাদি গ্রাম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা।
চাঁদপুরে ঘুর্ণিঝড়ে আক্রান্ত সব্জির জমি। চাঁদপুর সদরের বাগাদি গ্রাম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা।

আমন ধানের গাছ নুয়ে পড়ায় ধান কাটতে ভোগান্তিতে পড়ছেন কৃষকেরা। জমিতে পানি থাকায় অনেককে পানির মধ্যেই ধান কাটতে হচ্ছে। শ্রমিকের মজুরি ও ফসল ঘরে তোলার খরচ বেড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

বাগাদী গ্রামের কৃষক মোবারক বেপারী বলেন, ‘টানা বৃষ্টিতে শাকসবজিসহ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের ক্ষতি বেশি হয়েছে। জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’

একই এলাকার কৃষক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রায় দুই একর জমিতে মৌসুমি সবজির আবাদ করেছি। এর মধ্যে ধনিয়া, লালশাক, পালংশাক ও মূলার খেত রয়েছে। টানা বৃষ্টিতে এসব সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক খেতের গাছ নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার আবাদ করতে হবে।’

কৃষক মনসুর আহমেদ বলেন, ‘প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছি। বৃষ্টিতে ধানের গাছগুলো নুয়ে পড়েছে। আবাদে যে খরচ হয়েছে, তা বাদ দিলে এখন ধান কেটে বাড়িতে আনতে যে খরচ হবে, সেই টাকা শ্রমিকের মজুরি হিসেবেই চলে যাবে। লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছি।’

আরেক কৃষক আবুল বাসার বলেন, ‘পুরো মাঠের কৃষকেরাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৌসুমি সবজি নতুন করে রোপণ করতে হবে। আমন ধানের গাছও নুয়ে পড়েছে। ঋণ করে সবজির আবাদ করেছি। সরকারি সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব হয়তো।’

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, ‘টানা তিন দিনের বৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজি আক্রান্ত হয়েছে। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ করছেন। আক্রান্ত ফসলের বেশির ভাগই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জরিপে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি পাওয়া গেলে কৃষকদের সহায়তায় সরকারি প্রণোদনার জন্য সুপারিশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত