দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন

পরিবারের মুখে হাসি ফোটাতে, অভাব ঘুচিয়ে স্বজনদের নিয়ে ভালো থাকার স্বপ্নে ১৯ বছর আগে মহিন খান পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দীর্ঘ প্রবাসজীবনে পরিবারের জন্য নিরলস পরিশ্রম করেছেন, স্বপ্ন দেখেছেন সচ্ছল জীবনের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার তাগিদে দেশ ছেড়ে যাওয়া মহিন খান ফিরলেন কফিনবন্দী হয়ে। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
মহিন খান চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের আবু তাহেরের ছেলে। দুবাইয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর আবুধাবির একটি মরুভূমি থেকে উদ্ধার করা হয় তাঁর মরদেহ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১৫ দিন পর দেশে ফিরেছে তাঁর নিথর দেহ।
২০ নভেম্বর রাতে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মহিনের মরদেহ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার বেলা ৩টার দিকে মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় ২০০৭ সালে দুবাই পাড়ি জমান মহিন খান। দীর্ঘ ১৯ বছর প্রবাসে থেকে পরিবারের দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্ত্রী স্বর্ণা আক্তার ও মাত্র ৯ বছর বয়সী এক কন্যাসন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মহিনের মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। যে মানুষটির ফেরার অপেক্ষায় দিন গুনছিল পরিবার, সেই মানুষটিই ফিরলেন কফিনে। স্বামীকে হারিয়ে স্ত্রী, বাবাকে হারিয়ে ছোট্ট মেয়েটি এবং সন্তানকে হারিয়ে মা-বাবার শোক যেন কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ঘটনায় পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া।
আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মহিন খানকে দাফন করা হয়। শেষবারের মতো তাঁকে বিদায় জানাতে জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ।
মহিনে নিখোঁজ হওয়া ও যেভাবে মিলল মরদেহ
নিহতের স্বজনেরা জানান, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকার একটি বাসা থেকে মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের বিষয়ে আবেদন করা হয়।
পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ আবুধাবির একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠার পর গত ৬ নভেম্বর পরিবারের সদস্যদের মহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে শুরু হয় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া।
বিচার ও সম্পদ উদ্ধারে পরিবারের আকুতি
মহিন খানের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা। পাশাপাশি দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকায় তাঁর ব্যবহৃত একটি প্রাইভেটকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ সরকার এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাঁদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।
১৯ বছরের প্রবাসজীবনের পরিশ্রম, স্বপ্ন আর প্রত্যাশা পেছনে ফেলে মহিন খান এখন চিরনিদ্রায় শায়িত। রেখে গেছেন স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে এক অসমাপ্ত জীবনের গল্প। যে মেয়েটির বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে বাবার পাশে থাকার কথা ছিল, সেই মেয়েকেই এখন বাবার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে।









