Ajker Patrika

বগুড়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙে পুলিশে দিল যুবদল

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙে পুলিশে দিল যুবদল
যুবলীগ নেতা রাজ মাহমুদ কাউছার। ছবি: সংগৃহীত

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিকশার গ্যারেজে কেক কাটার আয়োজনের অভিযোগে রাজ মাহমুদ কাউছার (৪৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এতে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে গেছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আহত রাজ মাহমুদ কাউছার বগুড়া শহর যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। তিনি পুলিশ হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের দত্তবাড়ি এলাকায় করতোয়া নদীর তীরে একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।

বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় দত্তবাড়ি এলাকার একটি রিকশার গ্যারেজে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে যুবদলের কয়েকজন কর্মী খবর পান, করতোয়া নদীর তীরে ওই গ্যারেজে কয়েকজন যুবলীগ নেতা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

খবর পেয়ে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের কয়েকজন নেতা-কর্মী সেখানে যান। এ সময় দুজন করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। রাজ মাহমুদ কাউছার একটি হাসুয়া বের করে যুবদলের নেতা-কর্মীদের আঘাতের চেষ্টা করলে তাঁকে আটক করে মারধর করা হয়।

আহসান হাবিব আরও বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রাজ মাহমুদ কাউছারকে উদ্ধার করেন এবং পুলিশ ডেকে তাঁর হাতে তুলে দেন।

রাজ মাহমুদ কাউছারের বড় ভাই মাহমুদ আলী বলেন, মারধরে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি রাজ মাহমুদ কাউছার। গতকাল রাতে তাঁকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। তাঁর একটি হাত ও বাঁ পা ভেঙে যাওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুলিশ হেফাজতে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত