আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ.লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবু রেজা খান উপজেলার ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। তাঁদের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই ব্যক্তিরা বিভিন্ন এলাকায় নাশকতা, মহাসড়কে চলাচলকারী যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন ও সরকারি স্থাপনা বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় ২৯ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।









