
বগুড়ার সোনাতলা রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনায় স্টেশন মাস্টারসহ রেলওয়ের সাত কর্মী আহত হন। হামলার সময় বুকিং কাউন্টারের কম্পিউটার ভাঙচুর এবং এক কর্মকর্তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। ঘটনার প্রতিবাদে স্টেশনের সব কার্যক্রম বন্ধ রেখেছেন রেলওয়ের কর্মীরা।
আহতরা হলেন সোনাতলা স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম, সহকারী স্টেশন মাস্টার আব্দুল মাজেদ, বুকিং মাস্টার মাসুম পারভেজ, পয়েন্টসম্যান সাজ্জাদুর রহমান ও সোয়াইব হোসেন, পিওন দুলাল হোসেন এবং রেলওয়ের উপসহকারী প্রকৌশলী শামিম আহমেদ।
স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, স্টেশনের উত্তর পাশে ফাঁকা জায়গায় গত দুই দিন ধরে একটি স্থাপনা নির্মাণের কাজ চলছিল। মঙ্গলবার সকালে সেখানে গিয়ে কাজের বিষয়ে জানতে চাইলে এক শ্রমিক তাঁকে বলেন, ‘কাজের আশপাশে এলে সমস্যা হবে।’ পরে বিষয়টি তিনি লিখিতভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
রবিউল ইসলাম বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আসলাম আলীর নেতৃত্বে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে দেন। এর কিছুক্ষণ পর ৫০-৬০ জনের একটি দল স্টেশনে ঢুকে তাঁর কক্ষের দরজা বন্ধ করে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। একই সময় বুকিং কাউন্টারে ঢুকে কম্পিউটার ভাঙচুর করা হয়।
রবিউল ইসলামের ভাষ্য, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী শামিম আহমেদ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁকেও মারধর করা হয় এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে শুনেছেন, রেলওয়ের কর্মীদের সঙ্গে লোকজনের ধাক্কাধাক্কি হয়েছে। পরে তাঁরা স্টেশনে গিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেছেন।
কামরুল হাসান দাবি করেন, রেলস্টেশনের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঠিকাদার একটি পাবলিক টয়লেট নির্মাণ করছিলেন। মঙ্গলবার স্টেশন মাস্টার সেখানে গিয়ে জায়গাটি লিজ দেওয়ার কথা বলে ঘুষ দাবি করেন বলে তিনি শুনেছেন। এ নিয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ ছিল। বুধবার কোনো নোটিশ ছাড়াই স্থাপনা উচ্ছেদ করতে গেলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
সোনাতলা পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘কোনো মারধরের ঘটনা ঘটেনি। আমি অল্প সময়ের জন্য সেখানে ছিলাম। পরে কী হয়েছে, তা আমার জানা নেই।’
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আসলাম হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কাজ ছিল না। টয়লেট নির্মাণের কথা বলে স্থাপনা তৈরি করে পরে সেটি দোকান হিসেবে ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।’ তিনি বলেন, স্থাপনা উচ্ছেদের পর মিজানুর রহমানের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল স্টেশনে এসে মব সৃষ্টি করে রেলওয়ের কর্মীদের মারধর করেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কারা হামলা করেছে, তা পুলিশ এখনো নিশ্চিত নয়। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করে দেখবে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে কৃষক দলের শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পুরোনো দ্বন্দ্ব রয়েছে।
৮ মিনিট আগে
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বুধবার সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিবিল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে এ কথা বলেন সিসিক প্রশাসক।
১০ মিনিট আগে