
ভোলা সরকারি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি আয়োজন করতে চায় ছাত্রশিবিরের কলেজ শাখা। অন্যদিকে, একই দিনে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কলেজ শাখা। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে আগামী ১৪ ও ১৫ অক্টোবর কলেজ ক্যাম্পাসে সব সংগঠনের পূর্বঘোষিত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীলের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের পূর্বঘোষিত আনুষ্ঠানিক কার্যক্রম করা যাবে না। এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করেছে কর্তৃপক্ষ।
ছাত্রশিবিরের নেতাদের দাবি, তাদের পূর্বনির্ধারিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান বাধাগ্রস্ত করতে একই দিনে ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে ছাত্রদল।
কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আল-আমিন বলেন, শিক্ষার্থীদের বরণ করে নিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অনুমতি চেয়ে এক মাস আগেই কলেজ প্রশাসনের কাছে আবেদন করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর লিখিত অনুমোদনও দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগেই গত ১০ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানের প্রচারণাও শুরু করা হয়েছে।
আল-আমিনের দাবি, তাঁদের অনুষ্ঠানের প্রচার শুরুর চার ঘণ্টা পর ছাত্রদল টুর্নামেন্ট আয়োজনের ব্যানার তৈরি করে। তবে এ কর্মসূচির জন্য ছাত্রদলের লিখিত অনুমোদন নেই। কলেজ প্রশাসন দুই সংগঠনকেই অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁরা এখনো পূর্বনির্ধারিত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তে অনড়।
অন্যদিকে, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত ইসলাম ইফতি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও মানসিক বিকাশের লক্ষ্যে কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। দল গঠনসহ প্রস্তুতির প্রায় সব কাজ শেষ। এখন পর্যন্ত খেলা আয়োজনের সিদ্ধান্ত রয়েছে।
তবে এ কর্মসূচির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া হয়নি বলে জানান তিনি। আরাফাত ইসলাম ইফতি আরও বলেন, কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিটি তাঁদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে জেলা ছাত্রদল ও জেলা বিএনপির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে আজ দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফীল বলেন, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, ১৪ ও ১৫ অক্টোবর কোনো দলই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, একই মাঠে দুটি ছাত্রসংগঠনের কর্মসূচি ঘিরে উত্তেজনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কলেজ কর্তৃপক্ষ উভয় সংগঠনের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে কোনো সংগঠনই ওই দিন ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে না।
ওসি আরও বলেন, এ বিষয়ে দুই সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং একই দিনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠান না করার জন্য তাঁদের বলা হয়েছে।

খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলামকে (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির এক মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ ৮ জনকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন।
৯ মিনিট আগে
সুনামগঞ্জে ফার্মেসির ভেতরে হত্যার পর শাহনাজ পারভীন জোৎস্না নামে এক নারীকে ৬ টুকরো করার মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
মাদক শনাক্তকরণ পরীক্ষায় (ডোপ টেস্ট) ফল পজিটিভ আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল ওসমান গনিকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
১৬ মিনিট আগে