Ajker Patrika

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ভোলা প্রতিনিধি 
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩
ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের আস্তানা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা ও খালি কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার চর মোজাম্মেল এলাকায় চার ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— চর মোজাম্মেল এলাকার বাসিন্দা আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, চর মোজাম্মেল চরে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার (দক্ষিণ জোন) একটি দল অভিযানে নামে। সোমবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, চরাঞ্চলসহ উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত