
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জের সঙ্গে চিকিৎসাকেন্দ্র খাতে ২০ টাকা করে ফি নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা মিলছে না। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজের চিকিৎসাকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও ব্যবস্থাপত্রের বাইরে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা নেই। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
কলেজটিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছেন। অথচ তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের। আজ রোববার খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসাকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা প্যারাসিটামল, অ্যান্টাসিড, অ্যান্টিহিস্টামিন, খাওয়ার স্যালাইন, অ্যান্টিসেপটিক কিংবা ব্যান্ডেজের মতো প্রয়োজনীয় সামগ্রীও পান না। এমনকি জরুরি পরিস্থিতিতে অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার, ট্রলি বা স্ট্রেচারের ব্যবস্থাও নেই।
গত বছরের অক্টোবরে প্রাথমিক চিকিৎসা না পেয়ে অবহেলায় ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী রুমানা আক্তার সুমির মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
কলেজের জিরো পয়েন্ট-সংলগ্ন কলা ভবন-২-এর নিচতলায় একটি চিকিৎসাকেন্দ্র রয়েছে। সপ্তাহে তিন দিন সেখানে চিকিৎসক বসেন। তবে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও ওষুধের অভাবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
কলেজের হিসাব শাখার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রত্যেক শিক্ষার্থীকে সেশন চার্জের সঙ্গে চিকিৎসাকেন্দ্র খাতে ২০ টাকা করে দিতে হয়। সে হিসাবে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে বছরে এ খাতে প্রায় ৬ লাখ টাকা জমা হওয়ার কথা।
কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীমা জাহান বলেন, চিকিৎসাকেন্দ্র সম্পর্কে অনেক শিক্ষার্থী জানেন না। সেখানে গেলেও কোনো ওষুধ পাওয়া যায় না। রসায়ন বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার বলেন, সম্প্রতি তাঁর কয়েকজন বান্ধবী চিকিৎসাকেন্দ্রে গিয়ে সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে এসেছেন। ইতিহাস বিভাগের শিক্ষার্থী গিয়াস উদ্দিনও একই ধরনের অভিযোগ করে বলেন, অনেক সময় চিকিৎসককে পাওয়া যায় না।
সদ্য বিদায়ী অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামের দায়িত্ব পালনকালে গত মে মাসে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে ১০ দফা দাবি জানান। এর মধ্যে পঞ্চম দাবিতে ছিল স্থায়ী চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং অসুস্থ শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়ার জন্য নিজস্ব অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সপ্তাহে তিন দিনের জন্য একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ তাঁদের।
এ বিষয়ে বিএম কলেজের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নাইমা জান্নাত বলেন, বর্তমানে পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া ছাড়া অন্য কোনো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় ওষুধ দ্রুত সরবরাহ করা দরকার। বিষয়টি নিয়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ এ বিষয়ে প্রয়োজনীয় সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন।
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, চিকিৎসাকেন্দ্রে শিগগিরই অক্সিজেন সিলিন্ডার ও স্ট্রেচারের ব্যবস্থা করা হবে। কিছু জরুরি ওষুধও সরবরাহ করা হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ে দাবি জানানো হবে। তিনি আরও বলেন, চিকিৎসকের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও সামগ্রীর পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে