Ajker Patrika

বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার

• তিন বছর ধরে সেতুটি ভাঙা অবস্থায় আছে

• স্কুলগামী শিশুদের জন্য পারাপার সবচেয়ে ঝুঁকিপূর্ণ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার
সেতুতে বসানো কংক্রিটের মেঝের প্রায় পুরোটা ভেঙে পড়ে গেছে। লোহার কাঠামো টিকে আছে। সম্প্রতি বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচর খালে। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি (আয়রন ব্রিজ) প্রায় তিন বছর কঙ্কালসার। সেতুটির কংক্রিটের মেঝের প্রায় পুরোটা ভেঙে পড়ে গেছে। টিকে আছে লোহার কাঠামো। ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়েই প্রাণ হাতে নিয়ে খাল পার হচ্ছে শিক্ষার্থীসহ বহু মানুষ।

নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের লোহার সেতুটি নির্মাণ করা হয়। স্রোতের তোড়ে ৩-৪ বছর আগে খুঁটি দেবে গিয়ে মেঝেতে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে মিয়ারচর গ্রামের সঙ্গে অপর পাড়ের মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ারচর গ্রামে খালটির অবস্থান, যা আড়িয়াল খাঁ নদ থেকে উৎপন্ন। এই খালের উপরের ভাঙা সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। বিশেষ করে মেঝেবিহীন এই সেতু দিয়ে শিশু শিক্ষার্থীদের খাল পারাপার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। লোহার কাঠামো আর ভাঙা মেঝেতে অত্যন্ত সাবধানে পা ফেলে সেতু পার হতে হচ্ছে। নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি খাল পারাপারের দ্রুত একটি অস্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী জানান, সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যে খুঁটি দেবে যায়। পরবর্তীকালে সেতুটির কংক্রিটের মেঝে খসে পড়তে শুরু করে। সেতুটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে ভাঙা শুরু হয়েছিল। কিন্তু পরে কাজ থেমে যাওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, সেতুতে মেঝে না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সরু লোহার কাঠামো দিয়ে পার হতে গিয়ে অনেক সময় পা পিছলে পড়ে শিশুরা আহত হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে পিছলে পড়ে মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রবিন হোসেন, জুনায়েদ সিদ্দিকীসহ কয়েকজন আহত হয়েছিল। বৃষ্টি হলে অনেক সময় অভিভাবকেরা শিশুদের হাত ধরে সেতু পার করে দেয়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। আগে এটি সংস্কারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু বরাদ্দ না থাকায় সম্ভব হয়নি।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত হয়। অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার বলেন, মিয়ারচর সেতুটি সংস্কারের জন্য স্থানীয়রা আবেদন করেছেন। শিগগির সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত