Ajker Patrika

জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
জুয়ায় আসক্ত কৃষিশ্রমিকের লাশ উদ্ধার, ঋণ ছিল ৩০ লাখ টাকা
প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে আলমগীর রাড়ী (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা স্কুলের হাট এলাকার আবুল সরদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

আলমগীর রাড়ী মুলাদীর গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা গ্রামের পণ্ডিত বাড়ির ছেলে। তিনি শ্বশুর আবুল সরদারের বাড়িতে ঘর তুলে বসবাস করতেন এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের দাবি, আলমগীর অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং তাঁর প্রায় ৩০ লাখ টাকা দেনা হয়ে গিয়েছিল।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আলমগীর। বৃহস্পতিবার ভোরে তাঁর স্ত্রী বিউটি বেগম স্বামীকে ডাকতে গিয়ে বারান্দার চালার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিউটি বেগম বলেন, ‘আমার স্বামী অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। রাত জেগে মোবাইল ফোনে জুয়া খেলতেন। এ নিয়ে মাঝেমধ্যে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হতো। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে তাঁর প্রায় ৩০ লাখ টাকা ঋণ ছিল। ঋণের চাপে তিনি প্রায়ই বিমর্ষ থাকতেন। বুধবার রাতে তিনি সামনের বারান্দায় এবং আমি পেছনের বারান্দায় ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি এই অবস্থা।’

আলমগীরের বোন চম্পা বেগম জানান, বুধবার বিকেলে ভাইয়ের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল। সে সময় আলমগীর বেশ হতাশা প্রকাশ করছিলেন। রাতে কয়েকবার ফোন দিলেও ভাইয়ের নম্বর বন্ধ পান। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর পান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত