Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়: মব আতঙ্কে শিক্ষক-কর্মকর্তা

• সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।

• বেশ কয়েক শিক্ষক-কর্মকর্তাকে হেনস্তা করা হয়েছে।

• চারজনকে দিনভর হেনস্তা শেষে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

• আতঙ্কে অনেকে নিয়েছেন ছুটি, কেউ দিয়েছেন গা ঢাকা।

খান রফিক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়: মব আতঙ্কে শিক্ষক-কর্মকর্তা
বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অস্থিরতা দেখা দিয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক কর্মকর্তা-কর্মচারীকে পুলিশে দিয়েছে ছাত্রদল। কয়েকজনকে প্রকাশ্যে করা হয়েছে হেনস্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ায় অস্বস্তি দেখা দিয়েছে শিক্ষকদের মধ্যেও। এরপর মবের ভয়ে বেশ কয়েক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী গা ঢাকা দিয়েছেন। অনেকে নিয়েছেন ছুটি।

১৮ নভেম্বর ববির উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে ফোনে হুমকি দেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এর কিছুক্ষণ পরে ববি শাখা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে তাঁর কক্ষে হেনস্তা করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এক ভিডিওতে দেখা যায়, মুর্শিদ আবেদিনকে চেয়ার থেকে টেনে সরিয়ে নিচ্ছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইমরান।

ভুক্তভোগী প্রকৌশলী মুর্শিদ আবেদিন বলেন, তাঁর সম্মানহানির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। অথচ তিনি ছাত্রদল করতেন। এখনো ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ গা ঢাকা দিয়ে আছেন। তিনি ববি উপাচার্যের সঙ্গে দেখা করে হস্তক্ষেপ চেয়েছেন।

তবে প্রক্টর মেহেদী হাসান সোহাগ দাবি করেন, উপপ্রধান প্রকৌশলীকে হেনস্তার বিষয়ে কোনো অভিযোগ পাননি।

একই দিন আওয়ামী লীগের সমর্থক দাবি করে চারজনকে দিনভর হেনস্তা শেষে পুলিশে ধরিয়ে দেয় ছাত্রদল। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

পরদিন ১৯ নভেম্বর ববির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হুমায়ুন কবিরকে নিয়ে সংঘাতে জড়ায় ছাত্রদলের দুই পক্ষ। ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে বাধা দেয় ববি ছাত্রদলের অপর পক্ষ। এরপর থেকে ক্যাম্পাসে যান না হুমায়ুন কবির।

এদিকে হুমায়ুন কবিরকে রক্ষার অভিযোগে শনিবার যুগ্ম সম্পাদক আজমাইন সাকিবকে বহিষ্কার করেছে ছাত্রদল। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি—এমন অভিযোগ নিয়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। অথচ আমরা হুমায়ুন কবিরের দপ্তরে তখন যাইনি।’

ছাত্রদলের সভাপতি মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকর্তা হুমায়ুন কবিরকে রক্ষা করা জঘন্য অপরাধ। হুমায়ুনকে রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছে সাকিব।’ তিনি বলেন, আওয়ামী নৈরাজ্য প্রতিহত করতে তাঁদের এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে শিক্ষকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ফেসবুকে বিভিন্নভাবে হুমকি দেওয়ায় আতঙ্কিত অনেক শিক্ষক। কেউ কেউ আবার ছুটি নিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক এক সভাপতি জানান, বর্তমান পরিস্থিতিতে এক ধরনের মানসিক চাপ অনুভব করছেন। কোনো পক্ষ থেকে সমর্থন পাচ্ছেন না।

নাম প্রকাশ না করার শর্তে ববির তৃতীয় শ্রেণির এক কর্মচারী জানান, তাঁর চেয়ার এবং শীতের কাপড় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তিনিসহ অনেক সহকর্মী চিন্তিত, আবার কী না কী হয়।

তবে ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফ জানান, তাঁরা মব করেননি বরং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থীদের অপতৎপরতা প্রতিহত করেছেন।

সংগঠনটির সভাপতি মোশাররফ বলেন, ‘আমরা যে অভিযান করেছি, তা যদি মব হয়, তাহলে আওয়ামী লীগ গোপালগঞ্জে যা করেছে, তা কী?’

শিক্ষক সমিতির সাবেক আরেক নেতা জানান, ববির ১৫ বছরের ইতিহাসে এ ধরনের মব আর কখনো হয়নি। শিক্ষকদের মধ্যেও অস্বস্তি বিরাজ করছে। অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কোনো আশ্রয় পাচ্ছেন না। যেকোনো মুহূর্তে হেনস্তার ভয়ে কেউ কেউ ছুটিতে আবার কেউ আড়ালে থাকছেন।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় যা করা দরকার, তা করা হবে। শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানেও তাঁরা সচেষ্ট আছেন। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়ান, তাহলে এর দায় ববি প্রশাসন নেবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত