বরিশালে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় হামলা-ভাঙচুর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একদল যুবক হামলা ও ভাঙচুর চালায়। তবে হামলাকারীদের পরিচয় ও এ বিষয়ে তথ্য দিতে স্থানীয়রা অপারগতা জানান।
জানা গেছে, নগরের সরকারি ব্রজমোহন কলেজের পশ্চিম পাশে ‘তহুরা মঞ্জিল’ নামক বাড়িটি জিয়াউল আহসানের পৈতৃক নিবাস। পরিবারের যৌথভাবে গড়া সেখানে একটি বহুতল ভবন রয়েছে। পুরো ভবনটিতে ভাড়াটিয়ারা বাস করেন। জিয়াউল আহসানের অপর দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সাবেক শিক্ষাবোর্ড চেয়ারম্যান জিয়াউল হক আমেরিকাপ্রবাসী এবং ছোট ভাই সাবেক সিটি কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একদল যুবক এসে তহুরা মঞ্জিল ভবনের জানালা ভাঙচুর করে। পরে ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে ভবনের ক্ষতি হয়নি। হামলাকারীরা আবার আসতে পারে, এমন ভয়ে স্থানীয় ও ভাড়াটিয়ারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিয়াউল আহসানের বাড়িতে হামলার বিষয়টি তাঁর জানা নেই। তাঁর কাছে কোনো তথ্য নেই।









